উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত কর্মী শনাক্তের বার্তা, নেতাকর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান
কাজী সবুর মাল্টিমিডিয়া করোসপন্ডেন্ট BDC News বাংলা (ভাঙ্গা,ফরিদপুর)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে হামিরদী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন-২০২৬। সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
আজ রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম খান বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা সভাপতি মো. রাজিব হোসেন রাজিব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিস এবং সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্যা।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো. ওসমান মুন্সির সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. গোলাম আজম।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংগঠনের কর্মীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে ডোপ টেস্টের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ততার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তাঁরা বলেন, যুবদলের রাজনীতিতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই।
সম্মেলনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক, ঐক্যবদ্ধ ও সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
সম্মেলন ঘিরে হামিরদী ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়।