উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘ধর্ম যার যার, উৎসব সবার—দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস রাজু আহমেদের’
নগরকান্দায় ফুলসুতি ইউনিয়নের তিন দুর্গাপূজা মন্দির পরিদর্শন, আয়োজকদের পাশে থাকার প্রতিশ্রুতি ও আর্থিক অনুদান
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ। তিনি বলেছেন, হিন্দু-মুসলিম পাশাপাশি বসবাসকারী একই সমাজের মানুষ। পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখেই সবার উৎসব উদ্যাপন করতে হবে। দুর্গাপূজা উদ্যাপনে স্থানীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ফুলসুতি ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও ভক্তদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গোৎসবকে ঘিরে ফুলসুতি ইউনিয়নের বিভিন্ন মন্দিরে বর্ণিল আলোকসজ্জা, সাজসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকের বাদ্য, গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণগুলোতে তৈরি হয়েছে উৎসবের আবহ।