উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কাজী সবুর( BDC News বাংলা)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ সামনে রেখে ফরিদপুরের ফুলসুতি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন মুহাম্মাদ জাহিদ হোসেন (বেলায়েত মিঞা)। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি ইউনিয়নের কাওখুলা বাজার এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
গতকাল সন্ধ্যা ৭টার দিকে কাওখুলা বাজারের চায়ের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বেলায়েত মিঞা। এ সময় তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।
স্থানীয়ভাবে পরিচিত ‘অতৈয্যবাহি মিয়া’ পরিবারের সন্তান মুহাম্মাদ জাহিদ হোসেন (বেলায়েত মিঞা) এর আগে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলসুতি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান করেন বলে তাঁর সমর্থকেরা জানান। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
গণসংযোগকালে বেলায়েত মিঞা বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে তিনি এবার নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ফুলসুতি ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, ইউনিয়নের অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট উন্নয়ন, বেকারত্ব কমাতে কর্মসংস্থান ও যুব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ এবং ইউনিয়নের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণেরও অঙ্গীকার করেন তিনি।
বেলায়েত মিঞা আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি ফুলসুতি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করেন।
এদিকে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বাজারকেন্দ্রিক এ গণসংযোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটের মাঠে প্রার্থীদের অবস্থান কী হবে—তা নির্বাচনী তফসিল ও পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।