উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রেশন কার্ডের তালিকা থেকে হিন্দু পরিবারের নাম বাদ দেওয়ার অভিযোগ নগরকান্দায়
করোসপন্ডেন্ট BDC News বাংলা,নগরকান্দা ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘারকান্দি গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের সদস্যদের রেশন কার্ডের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুনরায় তাঁদের নাম রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
সম্প্রতি দেওয়া ওই আবেদনে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেছেন মেঘারকান্দি গ্রামের অতুল মণ্ডল, পিতা—মৃত রামচরণ মণ্ডল। আবেদনে বলা হয়, চরযশোরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘারকান্দি গ্রামের হিন্দু পরিবারের সদস্যদের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাতিল করা হয়েছে।
আবেদনকারীদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ১ নম্বর ওয়ার্ডের সদস্যের স্বাক্ষর বাদ দিয়ে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন সচিবের সঙ্গে সমন্বয় করে ওই কার্ডগুলো বাতিল করেছেন। একই সঙ্গে ৬ নম্বর ওয়ার্ডের কিছু লোককে ওই কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, টিটু সরদার নামের এক ব্যক্তি ১ নম্বর ওয়ার্ডের মেঘারকান্দি গ্রামের হিন্দু পরিবারের সদস্যদের ডেকে নিয়ে তাঁদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে নতুন রেশন কার্ড দেন। তবে ওই কার্ডে তাঁদের চাল দেওয়া হয়নি। বরং অতুল মণ্ডলের কাছ থেকে কার্ড নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, রেশন পাওয়ার যোগ্য হয়েও ওই এলাকার হিন্দু পরিবারের সদস্যরা বর্তমানে তাঁদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাঁদের নাম পুনরায় রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
আবেদনে ১ নম্বর চরযশোরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘারকান্দি গ্রামের হিন্দু পরিবারের সব সদস্যের নাম পুনরায় রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, সচিব কিংবা অভিযুক্ত টিটু সরদারের বক্তব্য ওই আবেদনে উল্লেখ নেই। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।