উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৫০ মিনিট পর জিতনী (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ২ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে লালবাড়ী এলাকায় জিতনী নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৫০ মিনিটের চেষ্টার পর দুপুর ২টা ৫০ মিনিটে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, নিহত জিতনী সাঁতার জানত না। তার বাবা আব্দুল জলিল একজন শ্রমিক। তারা লালবাড়ী এলাকায় মো. করুনার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী বাড়ি শেরপুর জেলায়।
জিতনী শেরপুর সদর উপজেলার চরসাপমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাত্র দুই দিন আগে বাবা-মায়ের সঙ্গে শেরপুর থেকে লালবাড়ীতে এসেছিল সে।
শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।