উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনের সরকার উত্তর আফ্রিকার উপকূলীয় অঞ্চল সেউতা (Ceuta) থেকে অভিবাসী শিশুদের কয়েক সপ্তাহের মধ্যে মূল ভূখণ্ডে স্থানান্তরের আশা করছে। অতিরিক্ত চাপের মুখে থাকা আশ্রয়কেন্দ্রগুলোর সংকট কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্পেনের যুবমন্ত্রী সিরা রেগো শুক্রবার জানিয়েছেন, এখন পর্যন্ত সেউতায় ১ হাজার ৩৪২ জন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আরও কর্মী নিয়োগ করা হচ্ছে।
গত ৩০ জুলাই মরক্কো থেকে স্থল ও সমুদ্রপথে বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী সেউতায় প্রবেশের চেষ্টা করে। স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। পরে অধিকাংশ মানুষ ফিরে গেলেও শত শত অভিভাবকহীন শিশু সেউতায় রয়ে যায়।
সিরা রেগো বলেন, “শিশুদের সেউতা থেকে মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে না।” তিনি জানান, অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেয়েশিশু এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের।
তিনি আরও বলেন, সেউতার রাস্তায় শিশুদের কষ্টকর অবস্থার ছবি “বেদনাদায়ক”। বর্তমানে সেখানে দুটি স্কুল চালু করা হয়েছে এবং আরও কিছু স্থানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিকে মরক্কো জানিয়েছে, সেউতায় প্রবেশ করা অভিভাবকহীন শিশুদের ফিরিয়ে নিতে স্পেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত তারা। তবে স্পেন জানিয়েছে, প্রতিটি শিশুর বিষয় আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিশুদের অধিকার ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।
সেউতার স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের সীমিত আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০ জন শিশুকে রাখার সক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ১০০ জন অভিভাবকহীন শিশু অবস্থান করছে।
ছবি: রয়টার্স